শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৬:০২ পূর্বাহ্ন
শেয়ার

উখিয়ার আশ্রয়শিবির থেকে ফেরার পথে দুর্ঘটনায় গাড়িবহর, অক্ষত ওজিল-বিলাল এরদোয়ান


Crash-Car-Ozil

উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন শেষে কক্সবাজারে ফেরার পথে তুরস্কের প্রতিনিধিদলের গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। তবে এতে প্রতিনিধিদলের কেউ আহত হননি। বহরে থাকা সাবেক জার্মান ফুটবলার মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে নেকমেদ্দিন বিলাল এরদোয়ান অক্ষত রয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার–টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উখিয়ার কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ব্যাটারিচালিত একটি ইজিবাইক (টমটম) হঠাৎ করে ভিভিআইপি গাড়িবহরের সামনে চলে এলে বহরের সম্মুখভাগে থাকা পুলিশের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং চালক আহত হন।

রাত ১০টার দিকে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান, অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হলেও পুলিশের গাড়ির সামান্য ক্ষতি হয়েছে। তবে প্রতিনিধিদলের কোনো সদস্য আহত হননি।

উখিয়ার শাহপরীর দ্বীপ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল উখিয়ার কয়েকটি রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। পরে কক্সবাজার শহরের উদ্দেশে রওনা দিলে কুতুপালং এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় জড়িত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, প্রতিনিধিদলকে নিরাপত্তার মধ্যেই কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয়। রাত আটটার দিকে তাঁরা বিশেষ উড়োজাহাজে ঢাকার উদ্দেশে রওনা হন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে বিশেষ উড়োজাহাজে কক্সবাজারে পৌঁছায় বিলাল এরদোয়ানের নেতৃত্বে ১৩ সদস্যের তুরস্কের প্রতিনিধিদল। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান জেলা প্রশাসক মো. আ. মান্নান ও পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। পরে প্রতিনিধিদলটি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ে বৈঠক করে সড়কপথে উখিয়ার আশ্রয়শিবিরে যান।

সফরকালে প্রতিনিধিদল রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য কার্যক্রম পরিদর্শন করে। বিকেলে রোহিঙ্গা তরুণদের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচেও অংশ নেন মেসুত ওজিল।

উল্লেখ্য, স্পেনের রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক মিডফিল্ডা মেসুত ওজিল ২০১৪ ফিফা বিশ্বকাপের শিরোপাজয়ী জার্মানি দলের সদস্য ছিলেন। ২০১৮ সালে তিনি জার্মান জাতীয় দল থেকে অবসর নেন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ওজিল খেলেছেন ৬৪৫ ম্যাচ, করেছেন ১১৪টি গোল।