শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ন
শেয়ার

চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু


chokoria-road-accident

ছবি: সংগৃহীত

চকরিয়া উপজেলার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় এবং ঘাতক ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে যায়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মহাসড়কের নলবিলা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বাবা-ছেলেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের উত্তর বরইতলী গ্রামের নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২)।

চকরিয়ার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নুরুল হোসেন তার ছেলে শামীমকে নিয়ে বরইতলী থেকে চিরিঙ্গা বাজারের উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন। পথিমধ্যে নলবিলা এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় বাবা ও ছেলে মারা যান।

ওসি আরও জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।