
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অস্ত্র মামলায় কারাবন্দি সৌদি প্রবাসী ইকবাল হোসেন (৪৭) মায়ের জানাজায় অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। তবে পুরো সময়জুড়ে তিনি ছিলেন পুলিশি পাহারায় এবং হাতে ছিল হাতকড়া।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪০ মিনিটে তার মা আনোয়ারা বেগম হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে প্যারোলে মুক্তি পেয়ে ইকবাল বাড়িতে গিয়ে মায়ের মরদেহ দেখেন এবং জানাজা ও দাফনে অংশ নেন। রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাদেক শাহ (রা.) মাদ্রাসা মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় আবেগাপ্লুত হয়ে তিনি মুসল্লিদের বলেন, ২২ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়েছি। সবাইকে সাক্ষী রেখে বলছি, আমার দুই হাতে কোনো অপরাধ নেই। আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
ইকবালের অভিযোগ, জাতীয় নির্বাচনের আগে দেশে ফিরে তিনি একটি রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষে প্রচারণা চালান। নির্বাচনের দুই দিন আগে গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে নিজ বাড়ি থেকে আটক করে। পরে দূরে উদ্ধার হওয়া একটি অস্ত্রের ঘটনায় মামলায় আসামি করা হয় তাকে। তিনি দাবি করেন, ঘর তল্লাশি করেও কিছু পাওয়া যায়নি, বাইরে থেকে অস্ত্র এনে আমাকে ফাঁসানো হয়েছে।
জানাজায় উপস্থিত স্থানীয় বিএনপি নেতারা ইকবালকে নির্দোষ দাবি করে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন এবং তার নিঃশর্ত মুক্তি চেয়েছেন।
এদিকে, তার গ্রেপ্তারের ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। গত শুক্রবার ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।









































