শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ন
শেয়ার

চাঁদা না দেওয়ায় কৃষকের ৫ লাখ টাকার গাজর লুট, ২ যুবদলকর্মী গ্রেপ্তার


Arrest

ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে চাঁদা না দেওয়ায় এক কৃষকের লিজকৃত জমি থেকে প্রায় ৫ লাখ টাকার গাজর লুটের ঘটনা ঘটায় দুই যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদী ইপিজেড গেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন পাকশী ইউনিয়নের বাঘইল ঠাকুরপাড়া গ্রামের মো. আশিস (৩০) ও মো. পলাশ (৩০)। তারা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী ও যুবদলের পরিচিত সদস্য বলে জানানো হয়েছে।

ভুক্তভোগী কৃষক মো. শরিফুল ইসলাম জানান, বছরভিত্তিক চুক্তিতে তিনি পাকশী ইউনিয়নের বেলতলা ও পেপার মিলস কলোনির বিভিন্ন জমিতে গাজর চাষ করতেন। অভিযোগ, আসামিরা তাকে মোট ১ লাখ টাকা চাঁদা দিতে বলেন। প্রথমে তিনি ২৫ হাজার টাকা দেন, তবে বাকি চাঁদা না দেওয়ায় তারা তাকে হুমকি ও ভয়ভীতি দেয়া হয়।

পরে আসামিরা ৩ ফেব্রুয়ারি রাতে বেলতলা এলাকার দেড় বিঘা জমি থেকে প্রায় ৩০০ মণ গাজর এবং ১৭ ফেব্রুয়ারি রাতে ২ বিঘা জমি থেকে প্রায় ৩৫০ মণ গাজর লুট করে। এতে মোট প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুজ্জামান রোববার রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার আসামিরা পলাতক ছিলেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।