
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু
ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনকে সন্ত্রাস, চাঁদাবাজি ও সব ধরনের অনিয়মমুক্ত করতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর অভিনব উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। কার্যক্রম শুরুর মাত্র পাঁচ দিনের মাথায় তাঁর চালু করা বিশেষ ওয়েবসাইট ও হটলাইনে জমা পড়েছে ১৬৭টি লিখিত অভিযোগ। এছাড়া অসংখ্য সাধারণ মানুষ ফোনকলের মাধ্যমে তাঁদের সমস্যার কথা জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মন্ত্রী নিজেই এই অভাবনীয় সাড়ার কথা নিশ্চিত করেন। তিনি লেখেন, “আজ পর্যন্ত ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ এবং অসংখ্য ফোনকল পেয়েছি। মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে যে, সাধারণ মানুষ পরিবর্তন চায়। প্রতিটি অভিযোগ আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি এবং তা দ্রুত সমাধানে আমরা বদ্ধপরিকর।”
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই শুদ্ধি অভিযানের ঘোষণা দেন আব্দুল আউয়াল মিন্টু। সন্ত্রাস ও চাঁদাবাজির তথ্য জানাতে তিনি ০১৭৩০০-০৪৮৪৪ হটলাইন নম্বর এবং একটি নির্দিষ্ট ওয়েবসাইট উন্মুক্ত করেন। তবে দ্রুত ও সুশৃঙ্খল সমাধানের লক্ষ্যে মন্ত্রী জনগণকে অপ্রয়োজনে হটলাইনে কল না করে বরং ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত অভিযোগ জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
ফেনী-৩ আসনের সাধারণ মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো সরাসরি মন্ত্রীর নজরে আনার এই সুযোগ এলাকায় ব্যাপক আশার সঞ্চার করেছে। অপরাধ দমনে প্রযুক্তির এমন ব্যবহার রাজনৈতিক অঙ্গনেও একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।










































