শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৩৮ পূর্বাহ্ন
শেয়ার

কক্সবাজারে গ্যাস পাম্পে বিস্ফোরণে অগ্নিকাণ্ড, দদ্ধ ১০


Explusion-Cox's-Bazar

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় নবনির্মিত একটি ফিলিং স্টেশনে গ্যাস লিকেজের পর বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন।

বুধবার রাতে ‘এন আলম ফিলিং স্টেশন’ নামের ওই পাম্পে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, লিক হওয়া গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পর রাত সাড়ে ১০টার দিকে বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাসির জানান, লিক হওয়া গ্যাস ছড়িয়ে পড়ে পাশের আদর্শ গ্রাম, চন্দ্রিমা হাউজিং ও জেলখানা এলাকার দিকে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির কারণে কলাতলী থেকে বাসটার্মিনালগামী সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, গ্যাস লিকের পর ট্যাংক থেকে গ্যাস ছাড়ানো হলে এলাকায় আগুন না ধরাতে ও ধূমপান না করতে মাইকিং করা হয়। তবে এর কিছুক্ষণ পরই বিস্ফোরণ ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাংলাদেশ কক্সবাজার কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, ছড়িয়ে পড়া গ্যাসের কারণে বড় ধরনের বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয়েছিল। মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি গ্যাস লিকেজ বন্ধ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে। আগুন নেভানোর কাজে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের ইউনিটও সহায়তা দেয়।

তিনি আরও জানান, গ্যাস স্টেশনটির কোনো লাইসেন্স নেই এবং ফায়ার সার্ভিসের অনুমোদনও ছিল না।

রাত সাড়ে ৩টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানালেও তিনি বলেন, ট্যাংকি থেকে মাঝে মাঝে এখনও আগুন জ্বলে উঠছে। ফলে পরিস্থিতি পুরোপুরি নিরাপদ না হওয়ায় কিছু সময় আরও সতর্ক থাকতে হবে।

এদিকে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, এ ঘটনায় দগ্ধ ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনকে সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি জিপ পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।