শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০০ পূর্বাহ্ন
শেয়ার

মাগুরায় সরকারি চাল বিতরণ নিয়ে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, আহত ১৫


magura-news

ছবি: সংগৃহীত

মাগুরা সদর উপজেলায় ঈদ উপলক্ষে সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সদরের ৮ নম্বর ওয়ার্ডের বাটিকাডাঙ্গা মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি তারিকুল ইসলাম শেখের সঙ্গে অপর নেতা আবু মিয়ার মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। চালপ্রাপকদের কাছ থেকে পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করা হচ্ছিল। তবে নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি ফটোকপি নেওয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

একপর্যায়ে তা ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার মধ্য দিয়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

এ বিষয়ে জানতে ওয়ার্ড বিএনপির সভাপতি তারিকুল ইসলাম শেখকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।