
সংগৃহীত ছবি
বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা এলাকার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ইসলাম পরিবহনের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের ২০ জন যাত্রী আহত হয়েছেন। নিহত চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে মহাসড়কের বাবুগঞ্জ উপজেলা প্রান্তের নতুনহাট সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া ইসলাম পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৩-২৩৪৬) বাস দোয়ারিকা সেতু পার হয়ে নতুনহাট এলাকা অতিক্রম করছিল। একই সময়ে ঢাকা থেকে বরিশালগামী লাবিবা পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৩৯৭৯) অতিক্রমকালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ইসলাম পরিবহনের চালক নিহত হন এবং উভয় বাসের ২০ জন করে যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর উভয় বাস মহাসড়কের ওপর আটকে যাওয়ায় যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাত ১০টার দিকে যানচলাচল স্বাভাবিক করেন।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনকে মৃত্য অবস্থায় হাসপাতালে আনা হয়, পরে তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।









































