
আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা
আফগানিস্তানের হামলার জবাবে শুক্রবার ভোরে রাজধানী কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে একযোগে অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তান বাহিনী। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসব হামলায় অন্তত ১৩৩ জন তালেবান যোদ্ধা নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন।
এবার এই অভিযানে আরও চাঞ্চল্যকর দাবি সামনে এনেছে আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থার ইউরোপ শাখা ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওসিন্ট) ইউরোপ। সংস্থাটি দাবি করেছে, পাকিস্তান সেনাবাহিনী পরিচালিত ‘অপারেশন গজব-লিল হক’-এ আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওসিন্ট ইউরোপ জানায়, কাবুলে একটি সদরদপ্তর লক্ষ্য করে পাকিস্তানি বিমান বাহিনীর হামলায় হিবাতুল্লাহ আখুন্দজাদাসহ কয়েকজন জ্যেষ্ঠ তালেবান কমান্ডার নিহত হন।
তবে এ বিষয়ে তালেবান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একই সঙ্গে আফগানিস্তান দাবি করেছে, পাকিস্তানের হামলায় তাদের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উল্টো তাদের পাল্টা অভিযানে পাকিস্তানের অন্তত ৫৫ জন সেনা নিহত হয়েছে বলেও দাবি করা হয়।
উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে দ্বিতীয় দফায় ক্ষমতা দখল করে সরকার গঠন করে তালেবান বাহিনী। এরপর থেকেই হিবাতুল্লাহ আখুন্দজাদা তালেবান সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং তার নির্দেশনা অনুযায়ীই রাষ্ট্র পরিচালিত হতো।







































