শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শেয়ার

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা


murad

ছবি: সংগৃহীত

খুলনার দিঘলিয়া উপজেলায় সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মুরাদকে (৩৮) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সেনহাটি বক্সীবাড়ি কবরস্থান সংলগ্ন এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মুরাদ হাজী গ্রামের বাসিন্দা খান মুনসুর আহমেদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে সাজ্জাদ ও আলামিনসহ ১০-১৫ জনের একটি সশস্ত্র দল মুরাদের ওপর অতর্কিত হামলা চালায়। প্রাণ বাঁচাতে মুরাদ দৌড়ে পাশের একটি দোকানে আশ্রয় নিয়ে ভেতর থেকে তালা লাগিয়ে দেন। তবে হামলাকারীরা দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাঁটুর নিচের রগ কেটে দেয়।

গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মুরাদকে মৃত ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, কারা এই ঘটনার সাথে জড়িত তা ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন,খুব দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে।