শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শেয়ার

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: প্রধান আসামি নূরা গ্রেপ্তার


nura

ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর কিশোরীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নূরাকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাজীপুরের মাওনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত ১৫ বছর বয়সী ওই কিশোরীকে প্রায় ১৫ দিন আগে নূরার নেতৃত্বে একদল বখাটে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরিবারের পক্ষ থেকে স্থানীয় মহিষাশুড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য আহাম্মদ আলী দেওয়ানের কাছে বিচার চাওয়া হলেও তিনি তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। উল্টো অপরাধীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে বিষয়টি রফাদফা করেন এবং ভুক্তভোগী পরিবারকে গ্রাম ছাড়ার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

বিচারের আশা না পেয়ে গত বুধবার রাতে বাবা তার মেয়েকে খালার বাড়িতে রেখে আসার উদ্দেশ্যে রওনা হন। পথে বিলপাড় এলাকায় পৌঁছালে নূরা ও তার সহযোগীরা বাবার কাছ থেকে জোরপূর্বক কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার দুপুরে দড়িকান্দী এলাকার একটি শর্ষেখেত থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের মা ৯ জনের নাম উল্লেখ করে মাধবদী থানায় মামলা দায়ের করেন।

এই নৃশংস ঘটনায় এখন পর্যন্ত প্রধান আসামি নূরাসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতেই স্থানীয় বিএনপি নেতা আহাম্মদ আলী দেওয়ানসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আজ রাতে হযরত আলী নামে আরও এক আসামিকে ময়মনসিংহের গৌরিপুর থেকে গ্রেপ্তার করা হয়ে।

এদিকে গ্রেপ্তার আহম্মদ আলী দেওয়ানকে ইউনিয়ন বিএনপির সহসভাপতির পদ থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি। শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত দলীয় চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং মামলার পলাতক বাকি আসামিদেরকে গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও বিচার নিশ্চিত করার দাবি উঠেছে।