বুধবার । মার্চ ৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১ মার্চ ২০২৬, ৯:২২ অপরাহ্ন
শেয়ার

ইসরায়েলি হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহত


Ahmadinejad

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ

ইসরায়েলি হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন। আজ রোববার (১ মার্চ) ইরানের সংবাদ সংস্থা ইরানি লেবার নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত হামলার অংশ হিসেবে আহমাদিনেজাদের বাসভবন টার্গেট করা হয়। রাজধানী তেহরানের উত্তর-পূর্বাঞ্চলের নার্নাক এলাকায় অবস্থিত তার বাড়িতে চালানো হামলায় আহমাদিনেজাদসহ তার কয়েকজন দেহরক্ষী নিহত হন।

খবরে আরও বলা হয়, এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করা হয়েছে।

মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। কট্টরপন্থী ও পশ্চিমা বিশ্বের কঠোর সমালোচক হিসেবে তিনি ব্যাপক পরিচিত ছিলেন। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি আরদাবিল প্রদেশের গভর্নর এবং তেহরানের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ২০০৯ সালের নির্বাচনের মাধ্যমে তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসেন। তবে ওই নির্বাচন ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয় এবং সে সময় ইরানজুড়ে বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়ে।