
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতির প্রেক্ষিতে কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা ও সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার (২ মার্চ) রাতে দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই জরুরি বার্তা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, কুয়েতের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কোনো দৃশ্য, স্থিরচিত্র বা ভিডিও ধারণ করা থেকে প্রবাসীদের কঠোরভাবে বিরত থাকতে হবে। একই সঙ্গে এ ধরনের সংবেদনশীল কোনো কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার, পোস্ট বা লাইভ সম্প্রচার না করার জন্যও বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
দূতাবাস আরও স্পষ্ট করেছে যে, কুয়েতের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে দেশটির স্থানীয় আইন অত্যন্ত কঠোর। এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ছবি বা ভিডিও প্রচার করলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তাই যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রবাসীদের স্থানীয় আইন ও দূতাবাসের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।






































