রবিবার । মার্চ ৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৬ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শেয়ার

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০


burn institute

রাজধানীর উত্তরা এলাকার কামারপাড়ার বামনারটেকে একটি আবাসিক ভবনে গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ দুই পরিবারের অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) ভোররাতে চারতলা একটি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন— রোজা (৩), সোনিয়া আক্তার (২৪), রুবেল (২৭), জুনায়েদ (১৩), এনায়েত আলী (৩০), দুলারা খাতুন (২২), আবু কালাম রুবেল (৩৫), মো. হাবিব (৩৫), আয়েশা আক্তার (১৮) ও রিয়া আক্তার (২৫)।

স্বজনদের দাবি, গ্যাস লাইনের ছিদ্র থেকে বের হওয়া গ্যাস কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটে। এতে ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দেয়ালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং বাসায় থাকা সবাই দগ্ধ হন।

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের চিকিৎসা চলছে এবং ড্রেসিং সম্পন্ন হওয়ার পর তাদের শরীরের কত শতাংশ পুড়েছে তা নিশ্চিত করে বলা যাবে। পুলিশ বলছে, প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।