
বালেন্দ্র শাহ-এর নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে
নেপালের র্যাপার থেকে রাজনীতিক হওয়া বালেন্দ্র শাহ-এর নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে। দলটি বড় ধরনের জয়ের দিকে এগোচ্ছে।
সরাসরি নির্বচানের পাশাপাশি ৩৫ বছর বয়সী শাহের দল আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক ভোটেও এগিয়ে রয়েছে বলে রোববার ভোর পর্যন্ত ঘোষিত ফলাফলে দেখা গেছে। গত বছরের যুব নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের পর এটি ছিল দেশটির প্রথম জাতীয় নির্বাচন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে নেপালের ২৭৫ সদস্যের প্রতিনিধি পরিষদ—সংসদের নিম্নকক্ষ—গঠন করা হচ্ছে। এর মধ্যে ১৬৫টি আসনে সরাসরি ভোটে এবং বাকি ১১০টি আসনে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে সদস্য নির্বাচিত হচ্ছেন।
নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল অনুযায়ী, শাহের দল ইতোমধ্যে সরাসরি নির্বাচিত ১৬৫ আসনের মধ্যে প্রায় ১০০টিতে জয় পেয়েছে এবং আরও এক ডজনের বেশি আসনে এগিয়ে রয়েছে।
শাহ নিজেও দক্ষিণ–পূর্বাঞ্চলের একটি আসনে চারবারের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলিকে বড় ব্যবধানে পরাজিত করেন। তার প্রাপ্ত ভোট ওলির প্রায় চার গুণ।
৭৪ বছর বয়সী অলিকে হারিয়ে কাঠমান্ডুর মেয়র থেকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে শাহের উত্থান সাম্প্রতিক নেপালি রাজনীতিতে অন্যতম নাটকীয় ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচনী প্রচারে তিনি দরিদ্র নেপালিদের জন্য স্বাস্থ্য ও শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন। ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে জনঅসন্তোষের ঢেউয়ের ওপর ভর করেই তার প্রচারণা এগিয়েছে।
এদিকে পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শাহকে অভিনন্দন জানিয়েছেন ওলি।





































