বৃহস্পতিবার । মার্চ ১২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১২ মার্চ ২০২৬, ৯:৫১ অপরাহ্ন
শেয়ার

নিজস্ব চাহিদা পূরণ হলে বাংলাদেশকে জ্বালানি দেবে ভারত


Randhir-jaiswal

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

ইরানে মার্কিন হামলার পর বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় ভারতের কাছে ডিজেল সরবরাহের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত সরকার।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভারতের নিজস্ব চাহিদা ও পরিশোধন সক্ষমতার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

তিনি জানান, শুধু বাংলাদেশ নয় শ্রীলঙ্কা, মালদ্বীপসহ আরও কয়েকটি দেশও ভারতের কাছে পেট্রোলিয়াম পণ্য সরবরাহের অনুরোধ জানিয়েছে।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল মাহমুদ টুকু জানান, জরুরি পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত ডিজেল চেয়ে ভারতের কাছে অনুরোধ করা হয়েছে। সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর তিনি এ তথ্য জানান।

প্রণয় ভার্মা বলেন, জ্বালানি সহায়তার বিষয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক চিঠি দিয়েছে এবং বিষয়টি ভারতের সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে আমদানির তথ্য অনুযায়ী, একসময় বাংলাদেশের ডিজেলের বেশিরভাগই আসত কুয়েত থেকে। তবে গত দুই দশকে আমদানির উৎস বদলে এখন সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো প্রধান সরবরাহকারীতে পরিণত হয়েছে। চলতি অর্থবছরের প্রথম আট মাসে বাংলাদেশ প্রায় ২৩ লাখ টন ডিজেল আমদানি করেছে, যার বড় অংশ এসেছে এসব দেশ থেকে।

বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল