সোমবার । মার্চ ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৬ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শেয়ার

দিনাজপুরে নানা-নানির কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী


pm-dinajpur

ছবি: সংগৃহীত

দিনাজপুরে রাষ্ট্রীয় ও রাজনৈতিক কর্মসূচি শেষে পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে দিনাজপুর পৌর শহরের শেখ ফরিদপুর মডেল কবরস্থানে গিয়ে তিনি স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার নানা মরহুম ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা বেগম তৈয়বা মজুমদার, খালা ও সাবেক মন্ত্রী প্রয়াত খুরশীদ জাহান হক (চকলেট) এবং বেগম খালেদা জিয়ার খালাতো বোন মীমের কবরের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। তিনি মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে শরিক হন।

এর আগে প্রধানমন্ত্রী দিনের শুরুতে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। এরপর তিনি জেলা বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এসব রাষ্ট্রীয় ও রাজনৈতিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে ঢাকায় ফেরার পথে কবরস্থানে গিয়ে পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর পরিবারের নিকটাত্মীয়রা ছাড়াও স্থানীয় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোনাজাতে পরিবারের প্রয়াত সদস্যদের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ বিশেষ দোয়া করা হয়।