
ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতর শেষে কর্মস্থলে ফেরা মানুষের সুবিধার্থে ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রির আজই শেষ দিন। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৮টা থেকে শুরু হয়েছে আগামী ২৯ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি। বরাবরের মতো যাত্রী ভোগান্তি কমাতে শতভাগ টিকিট অনলাইনে বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।
যাত্রীদের সুবিধার্থে রেলওয়েকে দুটি জোনে ভাগ করে টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে উন্মুক্ত করা হয়েছে। অন্যদিকে, আজ দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি।
গত ১৩ মার্চ থেকে শুরু হওয়া এই ফিরতি যাত্রার টিকিট বিক্রির ধারাবাহিকতায় গতকাল ১৮ মার্চ পর্যন্ত ২৮ মার্চের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। আজ ২৯ মার্চের টিকিট বিক্রির মাধ্যমে এই কার্যক্রমের সমাপ্তি ঘটছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনের টিকিট পরবর্তীতে বিক্রি করা হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ যাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারই কিনতে পারবেন এবং একজন সর্বোচ্চ চারটি আসন সংগ্রহের সুযোগ পাবেন। তবে এবারের বিশেষ ব্যবস্থায় কেনা টিকিট ফেরত বা রিফান্ড করার কোনো সুযোগ থাকছে না।
সাধারণ যাত্রীদের কথা বিবেচনা করে নন-এসি কোচের মোট আসনের ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়ার টিকিট’ রাখা হয়েছে। এই টিকিটগুলো ট্রেন ছাড়ার আগে সংশ্লিষ্ট প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।




































