
ছবি: সংগৃহীত
মার্কিন গোয়েন্দা সংস্থা এক চাঞ্চল্যকর সতর্কবার্তায় জানিয়েছে যে, পাকিস্তান বর্তমানে এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা ভবিষ্যতে সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম হতে পারে। মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড সিনেটে পেশ করা এক প্রতিবেদনে এই আশঙ্কার কথা তুলে ধরেন।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং তা অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে। পাকিস্তান তাদের সামরিক শক্তি বৃদ্ধি করে এখন অনেক দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা অর্জনের চেষ্টা চালাচ্ছে।
গোয়েন্দা প্রধানের মতে, এই ধারা অব্যাহত থাকলে দেশটি শিগগিরই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম (আইসিবিএম) তৈরি করতে সক্ষম হবে। বর্তমানে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও ইরানের পাশাপাশি পাকিস্তানকেও সম্ভাব্য হুমকির তালিকায় রেখেছে ওয়াশিংটন।
ওই প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের কাছে প্রায় তিন হাজার এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। ধারণা করা হচ্ছে, ২০৩৫ সালের মধ্যে এই সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে ১৬ হাজারে পৌঁছাতে পারে।
যদিও পাকিস্তান এই প্রতিবেদনের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, পাকিস্তানের সামরিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা মূলত তাদের প্রতিবেশী দেশ ভারতকে লক্ষ্য করেই গড়ে তোলা হয়েছে। মার্কিন এই নতুন দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।



































