শুক্রবার । মার্চ ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২০ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শেয়ার

পিরোজপুরের ১০ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর


pirojpur-eid

ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পিরোজপুর জেলার তিনটি উপজেলার ১০টি গ্রামের প্রায় ৮ শতাধিক পরিবার আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে। সকালে ঈদের জামাতে অংশ নেওয়ার মাধ্যমে এসব এলাকায় ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয়।

প্রতিবছরের মতো এবারও কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকার মোল্লাবাড়ি জামে মসজিদ, মঠবাড়িয়া উপজেলার কচুবাড়িয়া গ্রামের হাজি ওয়াহেদ আলী হাওলাদার বাড়ি, নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আল-আমিন মসজিদ এবং মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের খন্দকার বাড়িতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুরের নড়িয়া উপজেলার শুরেশ্বর গ্রামের পীর হজরত মাওলানা আহমেদ আলীর অনুসারীরা গত প্রায় ১৫০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন। সেই ঐতিহ্য মেনেই আজ এসব পরিবার আনন্দঘন পরিবেশে ঈদ পালন করছে।

গ্রামগুলোর মধ্যে রয়েছে— মঠবাড়িয়া উপজেলার ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া, খেতাছিড়া ও চকরগাছিয়া; কাউখালী উপজেলার বেতকা, শিয়ালকাঠী ও পারসাতুরিয়া এবং নাজিরপুর উপজেলার খেজুরতলা গ্রাম। এ ছাড়া সদর উপজেলার কদমতলা ও একপাই জুজখোলা গ্রামেরও কিছু পরিবার এই আগাম ঈদ উদযাপনে শামিল হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেছেন। বাড়ি বাড়ি বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।