বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৬ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শেয়ার

সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন


chattala-train

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট বিএমএ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এতে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত ট্রেন থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় হঠাৎ ট্রেনের পাওয়ার কার (ইঞ্জিন সংশ্লিষ্ট অংশ) ও পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগি থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আহসান আলী জানান, সকাল ৬টা ৫৫ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছান। বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) সেনাসদস্যদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, আগুনের সূত্রপাত হয়েছিল মূলত ট্রেনের পাওয়ার কার বগি থেকে, যা পরবর্তীতে লাগোয়া এসি বগিতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের কারণে ঢাকামুখী লেনে ট্রেন চলাচল কিছুক্ষণ বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত বগি দুটি রেখে ট্রেনটি চলাচলের উপযোগী করার প্রক্রিয়া চলছে।