বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
স্পোর্টস ডেস্ক দেশজুড়ে ২৬ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শেয়ার

এবার পঞ্চগড়ে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল বাস


panchagar

ছবি: সংগৃহীত

রাঙামাটির পর এবার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে একটি যাত্রীবাহী বাস। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণী ফুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত দুজন যাত্রী আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডোমার থেকে দিনাজপুরগামী ‘গেটলক শাহী পরিবহন’-এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন। প্রচণ্ড ধাক্কায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করেন। খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই অধিকাংশ যাত্রী দুর্ঘটনাস্থল ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে চলে যান।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক জানান, এই দুর্ঘটনায় দুজন যাত্রী সামান্য আহত হয়েছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহতের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তা সঠিক নয় বলে তিনি দাবি করেন।

এর আগে একই দিন সকালে রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সাপছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় অন্তত ১৯ জন যাত্রী আহত হয়েছিলেন।