
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে মজুত করা প্রায় ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার আমুয়াকান্দা এলাকায় ‘মেসার্স পপি ট্রেডার্স’ নামে একটি মিনি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে এই বিশাল মজুত উদ্ধার করা হয়। একই সাথে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে নেতৃত্ব দেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। অভিযানে পাম্পটিতে অবৈধভাবে মজুত রাখা ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল এবং ১৯ হাজার ৫০০ লিটার ডিজেলসহ মোট ২৪ হাজার লিটার জ্বালানি তেল পাওয়া যায়। অনুমোদনহীনভাবে বিপুল পরিমাণ তেল মজুত রাখার অপরাধে পাম্প মালিক হাবিবুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় নগদ ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে আসছিল কিছু অসাধু ব্যবসায়ী। সাধারণ মানুষ যখন তেলের অভাবে ভোগান্তিতে পড়ছে, তখন বেশি মুনাফার আশায় গোপনে তেল মজুত করে রাখা হচ্ছিল।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, “জ্বালানি তেলের অবৈধ মজুত এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম এবং ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলামসহ পুলিশ সদস্যবৃন্দ।










































