বৃহস্পতিবার । এপ্রিল ২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শেয়ার

মাদারীপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


মাদারীপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মাদারীপুরে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ

মাদারীপুরে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার বিসমিল্লাহ অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অজয় বরগুনার পাথরঘাটার তালুকের চরদুয়ানা গ্রামের শৈলেন চন্দ্র হাওলাদারের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল একটি ট্রাক। সমাদ্দার এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা বরিশালগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন পিকআপ চালক ও হেলপার। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক পিকআপ চালক অজয় কুমার হাওলাদারকে মৃত ঘোষণা করেন।

হেলপারকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।