
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক ও সামরিক সংকট তীব্রতর হওয়ায় আকাশপথে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত ৩৪ দিনে এই বিমানবন্দর থেকে ২৩৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ ১ ও ২ এপ্রিল মধ্যপ্রাচ্যের পরিস্থিতির আরও অবনতি হওয়ায় নতুন করে বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। গত দুই দিনে বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য রুটের ৭টি ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ৪টি ফ্লাইট।
এছাড়া এয়ার আরাবিয়া তাদের শারজাহ রুটের ৪টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। ফ্লাইট বাতিলের এই হিড়িকের মধ্যেও গত দুই দিনে মধ্যপ্রাচ্য রুটে বিভিন্ন এয়ারলাইনসের ১৪টি অ্যারাইভাল ও ১৩টি ডিপার্চার ফ্লাইট কোনোমতে সচল ছিল।
বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই এবং আবুধাবি রুটের ফ্লাইটের অচলাবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে।
যুদ্ধাবস্থার কারণে নিয়মিত ফ্লাইট শিডিউল ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মী ও সাধারণ যাত্রীরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটার কোনো লক্ষণ দেখছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।







































