
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা চরম আকার ধারণ করায় এবার বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দেশজুড়ে সাইরেন বাজিয়ে নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে বাহরাইন সরকার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক জরুরি বার্তায় নাগরিকদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে কোনো ধরনের দেরি না করে নিকটস্থ নিরাপদ স্থানে বা আন্ডারগ্রাউন্ড শেল্টারে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। নতুন করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় দেশজুড়ে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর আওতায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আইআরজিসি’র দাবি অনুযায়ী, কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে মার্কিন সেনাদের অবস্থান ও অবকাঠামো লক্ষ্য করে নিখুঁত হামলা চালানো হয়েছে। এছাড়া ইরাকের বাগদাদ ও উত্তরাঞ্চলীয় বিভিন্ন স্থানে এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ইসরায়েলি-সম্পৃক্ত ড্রোন উৎপাদন কেন্দ্রেও সফল হামলার দাবি করেছে তেহরান।

ইসরায়েলের তেল আবিব, হাইফা ও বেয়ার শেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানার পাশাপাশি ইরানি নৌবাহিনী একটি ইসরায়েলি কন্টেইনার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। একই সঙ্গে মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ট্রিপোলি’র ওপর হামলা চালিয়ে সেটিকে পিছু হটতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। বাহরাইনে এই সতর্কবার্তা জারির পর পুরো অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে।








































