বুধবার । এপ্রিল ৮, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ৭ এপ্রিল ২০২৬, ৯:৩০ অপরাহ্ন
শেয়ার

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ

ভিয়েতনামের কাছে হেরে এশিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশের


bangladesh-vietnam

ভিয়েতনামের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ || ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভিয়েতনামের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডের নন্থাবুরিতে অনুষ্ঠিত এই ম্যাচে লড়াই করেও শেষ পর্যন্ত জয় অধরাই থেকে গেল লাল-সবুজ প্রতিনিধিদের। এই হারের ফলে তিন ম্যাচের সবকটিতেই পরাজিত হয়ে ‘এ’ গ্রুপের তলানিতে থেকে আসর শেষ করল বাংলাদেশ।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। প্রথমার্ধে বাংলাদেশের মোসাম্মৎ সাগরিকার সামনে গোল করার সুবর্ণ সুযোগ এলেও ভিয়েতনামের গোলরক্ষক লি থি থু তা রুখে দেন। বিরতির ঠিক আগে বাংলাদেশের কোচ কৌশলী পরিবর্তন আনেন এবং সুরভি প্রীতি ও নবিরন খাতুনের বদলে মুনকি আক্তার ও স্বপ্না রানীকে মাঠে নামান।

তবে বিরতি থেকে ফিরেই ৪৯ মিনিটে ভিয়েতনামের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন থি থু লিন এনগুয়েন। ৩৫ গজ দূর থেকে আসা একটি ফ্রি-কিক বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার ঠিকমতো তালুবন্দী করতে না পারলে সেই সুযোগ কাজে লাগিয়ে লক্ষ্যভেদ করেন ভিয়েতনামী এই ফরোয়ার্ড।

পিছিয়ে পড়ার পর বাংলাদেশ সমতায় ফেরার চেষ্টা চালালেও ফরোয়ার্ডদের গোলখরা ও সৃজনশীলতার অভাবে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। উল্টো ম্যাচের শেষ দিকে ভিয়েতনাম ব্যবধান বাড়ানোর মরিয়া চেষ্টা চালায়। তবে ডিফেন্ডার সুরমা জান্নাত ও গোলরক্ষক মিলি আক্তারের দৃঢ়তায় ব্যবধান আর বাড়েনি। বিশেষ করে সুরমা জান্নাত বেশ কয়েকটি নিশ্চিত আক্রমণ নস্যাৎ করে দিয়ে রক্ষণভাগ আগলে রাখেন। ৫৬ মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন বাংলাদেশের পূজা দাস।

এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে থাইল্যান্ডের কাছে ৩-২ এবং চীনের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে খেলার আশা জিইয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। কিন্তু টানা তিন হারে গ্রুপ পর্বে চতুর্থ হয়ে শূন্য পয়েন্ট নিয়ে আসর থেকে ছিটকে গেল বাংলাদেশের মেয়েরা। ফরোয়ার্ডদের ব্যর্থতা আর রক্ষণভাগের কিছু ছোট ভুলই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল দলের জন্য।