
ফাইল ছবি
উত্তর আরব সাগরে বিপদে পড়া একটি বাণিজ্যিক জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। শুক্রবার (১০ এপ্রিল) দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকৃতদের উন্নত চিকিৎসার জন্য করাচিতে নিয়ে যাওয়া হয়েছে।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘গোল্ড অটাম’ নামের একটি বাণিজ্যিক জাহাজ থেকে জরুরি সাহায্যের সংকেত পাঠানো হলে পাকিস্তানের নৌবাহিনী দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।
জাহাজটি থেকে ১৮ জন নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে জাহাজটি ঠিক কী কারণে বিপদে পড়েছিল বা কেন সাহায্যের সংকেত পাঠিয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

বিবৃতিতে জানানো হয়েছে, উদ্ধারকৃত নাবিকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও চীন, মিয়ানমার, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। বর্তমানে তাদের করাচিতে রেখে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
বিবৃতিতে আরো জানানো হয়, উদ্ধারকৃত নাবিকদের শারীরিক অবস্থার উন্নতির পর তাদের নিজ নিজ দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত তাদের নিরাপত্তা ও সুচিকিৎসাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।








































