বুধবার । এপ্রিল ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৪ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শেয়ার

‘রেড গ্রাস’ বলে ৮ কোটির জাফরান আমদানি, বন্দরে আটক


'রেড গ্রাস' বলে ৮ কোটির জাফরান আমদানি, বন্দরে আটক

৮ কোটি টাকা মূল্যের জাফরান আটক

‘রেড গ্রাস’ বা ঘাসজাতীয় উদ্ভিদ পরিচয়ে আমদানির সময় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে প্রায় ৮ কোটি টাকা মূল্যের জাফরান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার (৮ এপ্রিল) সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষ ভারত থেকে আসা এসব জাফরান আটক করে। সোমবার (১৩ এপ্রিল) রাজশাহীর বিসিএসআইআর ল্যাব পরীক্ষার ফলাফলে তা নিশ্চিত হয়েছে।

জানা যায়, চলতি মাসের ৪ তারিখে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে রেড গ্রাস নামে পণ্যটি আমদানি করে তোহা তাসু কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠান। পণ্যটি সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ভেতরে থাকাকালীন সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে, নমুনা সংগ্রহ করে কাস্টমস কর্তৃপক্ষ। সংগ্রহকৃত নমুনা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্পগবেষণা পরিষদ- বিসিএসআইআর, রাজশাহী গবেষণাগারের পাঠানো হলে সোমবার (১৩ এপ্রিল) তা জাফরান বলে রিপোর্ট দেয়।

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে রেড গ্রাসের নামে উচ্চমূল্যের জাফরান আমদানির সিএ্যান্ডএফ এজেন্ট ছিল মেসার্স সূচি এন্টার প্রাইজ। বর্তমানে দেশে জাফরান কেজিপ্রতি ৩-৫ লাখ টাকা দরে বিক্রি হয়। সে হিসেবে আমদানিকৃত জাফরানের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭-৮ কোটি টাকা বলে জানা গেছে।