
৬ষ্ঠ এশিয়ান বীচ গেমসে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ কাবাডি দল
চীনের সানিয়া শহরে শুরু হতে যাওয়া ৬ষ্ঠ এশিয়ান বীচ গেমসে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ পুরুষ ও নারী কাবাডি দল। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশ ত্যাগের আগে কাবাডি ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন খেলোয়াড়রা। এ সময় আইজিপি বিদেশের মাটিতে দেশের সম্মান বজায় রেখে খেলোয়াড়দের সেরা নৈপুণ্য প্রদর্শনের আহ্বান জানান।
আগামী ২২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই মেগা ইভেন্টে বাংলাদেশের পুরুষ দল খেলবে পুল ‘এ’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান, ইরান ও সিরিয়া। অন্যদিকে নারী কাবাডি দল পুল ‘এ’-তে থাইল্যান্ড, চাইনিজ তাইপে ও নেপালের বিপক্ষে সেমিফাইনালের লড়াইয়ে নামবে।
দীর্ঘ ১০ বছরের বিরতির পর আবারো মাঠে গড়াচ্ছে এশিয়ান বীচ গেমস, যেখানে ১৪টি খেলার অধীনে মোট ৬৩টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।

বীচ কাবাডিতে বাংলাদেশের ইতিহাস বেশ সমৃদ্ধ। ২০০৮ সালে পুরুষ দল এবং ২০১০ ও ২০১২ সালে নারী দল ব্রোঞ্জ পদক জিতেছিল। এবার সেই পদক পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে দীর্ঘ অনুশীলন শেষে চীনে পাড়ি জমাল লাল-সবুজরা।
ফেডারেশন কর্মকর্তারা আশা করছেন, শক্তিশালী দলগুলোর বিপক্ষে লড়াই করে পদক তালিকায় নাম লেখাবে বাংলাদেশ।











































