
শ্রেণী-কক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং শিক্ষার বিশ্বাসের সংকট
শিক্ষার্থীরা আজ আগের চেয়ে তুলনামূলক বেশি চাপের মধ্যে আছে—সময় কম, প্রতিযোগিতা তীব্র, প্রত্যাশা আকাশচুম্বী। সেই চাপে কৃত্রিম বুদ্ধিমত্তা যেন এক সহজ রাস্তা। যখন মনে হয়, “সবাই ব্যবহার করছে”- তখন সেটাকে আর প্রতারণা বলে মনে হয় না, বরং মনে হয় টিকে থাকার কৌশল।
কিন্তু এই সহজ পথের মূল্যটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে?
একরকম হয়ে যাওয়া চিন্তা
শিক্ষাবিদ রেবেকা উইনথ্রপ, যিনি উচ্চশিক্ষায় এআই ব্যবহারের অন্যতম শীর্ষ গবেষক, একটি অস্বস্তিকর পরিবর্তনের দিকে ইঙ্গিত করেন। তাঁর ভাষায়, ChatGPT আসার আগে শিক্ষার্থীদের জমা দেওয়া এক একটা লেখায় ভাবনার বৈচিত্র্য ছিল চোখে পড়ার মতো। একই প্রশ্নে পাওয়া যেতো বহু ভিন্ন দৃষ্টিভঙ্গী, ভিন্ন যুক্তি, ভিন্ন ভাষা। কিন্তু এ-আই আসার পর সেই বৈচিত্র্য সংকুচিত হয়েছে, কমে এসেছে।
ভাবনাগুলো “ক্লাস্টার” হয়ে গেছে- একই রকম, নিরাপদ, অনুমেয় – সরল ধাচের, যা দেখলেই একজন দক্ষ অধ্যাপকের কাছে বুঝে ফেলা সম্ভব। শিক্ষা যদি হয় চিন্তার বিস্তার, তবে এই একরকম হয়ে যাওয়া কি আসলে শেখার ক্ষয় নয়?

নিয়ম ভাঙা কি আর অপরাধ মনে হয়?
যুক্তরাষ্ট্রে এক হাজারের বেশি শিক্ষার্থীর ওপর চালানো এক গবেষণায় দেখা গেছে- প্রায় অর্ধেক শিক্ষার্থী এমনভাবে এআই ব্যবহার করছে, যা বিশ্ববিদ্যালয়ের নিয়মের পরিপন্থী। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো- অনেকেই এই ব্যবহারকে কোনো সমস্যা বলেই মনে করে না। এই জায়গাতেই শিক্ষার নৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন ওঠে।
এআই যখন নকল আর চৌর্যবৃত্তিকে সহজ করে তোলে, তখন শিক্ষকদের বড় একটি সময় ব্যয় করতে হয় উৎস যাচাইয়ে, সত্য-মিথ্যা ধরতে। অথচ শিক্ষা মানে গোয়েন্দাগিরি নয়। শিক্ষক অপরাধ অনুসন্ধানকারী নন, আর শিক্ষার্থী অপরাধী নয়। এই সন্দেহের সংস্কৃতি শিক্ষক-শিক্ষার্থীর মধ্যকার বিশ্বাসকে নষ্ট করে দেয়।
শ্রেণীকক্ষের ভেতরে নতুন কৌশল
এই বাস্তবতায় অনেক শিক্ষক পাঠদানের ধরন বদলাচ্ছেন। লিখিত অ্যাসাইনমেন্টের বদলে ইন-ক্লাস পরীক্ষা, দলগত কাজ, উপস্থাপনা, ব্যবহারিক প্রকল্পের আশ্রয় নিচ্ছেন- যেসব ক্ষেত্রে এ আই নকলটা সহজে আর করতে পারে না আর কি।
এস্তোনিয়ার তাল্লিনে একটি স্কুলে জার্মান ভাষার ক্লাস শুরু হয় এক অদ্ভুত নির্দেশ দিয়ে: “ChatGPT ছাড়া তোমার গ্রীষ্মের ছুটি নিয়ে তিনটি বাক্য লেখো। তারপর এআই দিয়ে শুধরে নাও।” এটি নিষেধ নয়, বরং নিয়ন্ত্রিত ব্যবহার।
এস্তোনিয়া ইতিমধ্যেই জাতীয় পর্যায়ে শিক্ষায় এআই চালু করেছে। সেখানে ধারণা হলো- এটি ভবিষ্যতের চাকরির বাজারের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করবে। কিন্তু শিক্ষক কারমেন কিজেল মনে করিয়ে দেন, ভাষা শেখার মূল হলো যোগাযোগ- আর সেখানেই এ আই প্রায় সময়ই হয় ব্যর্থ।
তাঁর মতে, এআই-ভিত্তিক কাজ যদি কেবল উত্তর খোঁজার জন্য হয়, তবে শেখা হয় না। কাজ ডিজাইন করতে হয় এমনভাবে, যাতে এআই সহায়ক হয়- প্রতিস্থাপক নয়।
শিক্ষকও শিখছেন
শিক্ষাবিদ এমা লোর সিনিটাম বলেন, অনেক শিক্ষক এখনো জানেন না কীভাবে শ্রেণিকক্ষে এআই ব্যবহার করবেন। আপাতত তারা এটিকে লেসন প্ল্যান তৈরির কাজে বেশি ব্যবহার করছেন— একটি সূচনা হিসেবে।
কিন্তু সম্ভাবনা এখানেই শেষ নয়। এআই যদি সহজ প্রশ্নের উত্তর দেয়, তবে ক্লাসে সময় পাওয়া যায় গভীর আলোচনার জন্য। তবে শিক্ষার্থীদেরও শিখতে হবে কীভাবে নিজেরা শিখবে, তথ্য যাচাই করবে, দায়িত্ব নেবে।
ডিজিটাল লিটারেসি এখন আর বাড়তি দক্ষতা নয়-এটি মৌলিক প্রয়োজন।

ভারতীয় শ্রেণীকক্ষে ব্যক্তিগত শেখা
ভারতের বহু স্কুলে ব্যবহৃত হচ্ছে এআই প্ল্যাটফর্ম ‘ক্রিসালিস’। এখানে শিক্ষার্থীদের কাজ নম্বর দিয়ে বিচার করা হয় না; বরং শিক্ষকের তোলা ছবি বিশ্লেষণ করে এআই জানায়—কোন শিশু কোন স্তরে আছে, কে এগোচ্ছে, কে পিছিয়ে।
একজন শিক্ষক যেখানে একসঙ্গে অনেক শিক্ষার্থীর দায়িত্বে থাকেন, সেখানে এই প্রযুক্তি ব্যক্তিগতভাবে শেখার সুযোগ তৈরি করে।
কম্পিউটার বিজ্ঞানী অনুপা গুপ্তা অবশ্য সতর্ক করেন—মানুষের স্বাভাবিক প্রবণতা হলো সবচেয়ে ছোট পথ খোঁজা। যদি শিক্ষার্থী সরাসরি এআই থেকে উত্তর নিয়ে নেয়, তবে তার নিজস্ব চিন্তাশক্তি গড়ে ওঠে না।
তবু তিনি আশাবাদী। সঠিক প্রশিক্ষণ আর দায়িত্বশীল ব্যবহারে ঝুঁকি নিয়ন্ত্রণ করা সম্ভব।
শেষ প্রশ্নটা প্রযুক্তির নয়
শেষ পর্যন্ত প্রশ্নটা এআই ভালো না খারাপ- তা নয়। প্রশ্নটা হলো, শিক্ষা আমরা কী হিসেবে দেখি। শুধু ফলাফল পাওয়ার উপায় হিসেবে? নাকি ধীরে ধীরে ভাবতে শেখার এক কঠিন, কিন্তু মানবিক প্রক্রিয়া হিসেবে? কৃত্রিম বুদ্ধিমত্তা সেই প্রক্রিয়াকে সহায়তা করতে পারে। কিন্তু যদি সে-ই হয়ে ওঠে চিন্তার শর্টকাট, তাহলে শেখা কি আর শেখা থাকে?
ভিজ্যুয়াল স্টোরি












































