সোমবার । এপ্রিল ২০, ২০২৬
রকিব রেজা ফিচার ১১ জানুয়ারি ২০২৬, ১:৫০ অপরাহ্ন
শেয়ার

যে শখগুলো ৭০ বছর বয়স পর্যন্ত সচল রাখে মস্তিষ্ক


Hobby Cover

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানসিক সতেজতা ধরে রাখা কেবল জেনেটিক বা ভাগ্যের ওপর নির্ভর করে না। মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে, কিছু নির্দিষ্ট বিনোদনমূলক কর্মকাণ্ড মানসিক তীক্ষ্ণতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে এবং সত্তরের কোঠা পার হলেও মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। এসব চর্চা স্নায়ুকে সক্রিয় করে, নিউরোপ্লাস্টিসিটি বা মস্তিষ্কের অভিযোজন ক্ষমতা বাড়ায় এবং এমন এক ‘কগনিটিভ রিজার্ভ’ তৈরি করে, যা বয়সজনিত অবক্ষয় থেকে মস্তিষ্ককে সুরক্ষা দেয়।

কোন শখগুলো সবচেয়ে বেশি উপকার বয়ে আনে তা জানা থাকলে আমরা অবসর সময়কে আরও সচেতনভাবে কাজে লাগাতে পারি এবং নিছক বিনোদনকে দীর্ঘমেয়াদি মানসিক সুস্থতার শক্তিশালী উপকরণে রূপ দিতে পারি।

বাদ্যযন্ত্র শেখা মানসিক নমনীয়তা বাড়ায়
বাদ্যযন্ত্র শেখা মস্তিষ্কের জন্য সবচেয়ে সমন্বিত ও কার্যকর অনুশীলনগুলোর একটি। পিয়ানো, গিটার কিংবা বেহালা—যে যন্ত্রই হোক না কেন, এই শেখার প্রক্রিয়ায় একসঙ্গে সক্রিয় হয় মস্তিষ্কের একাধিক অংশ। বাদ্যযন্ত্র শেখার জন্য, শ্রবণ প্রক্রিয়া, সূক্ষ্ম পেশির দক্ষতা, স্মৃতি এবং আবেগগত ব্যাখ্যার মধ্যে সার্বিক সমন্বয় ঘটাতে হয়। কগনিটিভ সাইকোলজির গবেষণায় দেখা গেছে, সংগীতচর্চাকারীদের নির্বাহী দক্ষতা (executive function), কার্যকর স্মৃতি এবং মনোযোগের ক্ষমতা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি।

Hobby Inner 1

সংগীত শেখার সৌন্দর্য হলো—এটি যেকোনো বয়সে শুরু করা যায়। এর সুফল পাওয়ার জন্য, কনসার্ট শিল্পী হওয়ার প্রয়োজন নেই। নিয়মিত প্রতিদিন মাত্র ৩০ মিনিট অনুশীলন করলে মস্তিষ্কের চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের অংশ আরও সক্রিয় হয় এবং মস্তিষ্কের দুই পাশের যোগাযোগকে মজবুত করে তোলে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার এক গবেষণায় দেখা গেছে, ছয় মাস পিয়ানো শেখার পর বয়স্ক ব্যক্তিদের তথ্য প্রক্রিয়াকরণের গতি ও স্মৃতি ধরে রাখার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সংগীততত্ত্বের চর্চা যুক্তিবোধকে শাণিত করে, আর তাৎক্ষণিক সুর সৃষ্টির অনুশীলন, সৃজনশীলতা ও স্বতঃস্ফূর্ততাকে উৎসাহিত করে।

বুদ্ধিবৃত্তিক সুফলের পাশাপাশি সংগীতচর্চা আবেগ নিয়ন্ত্রণেও সহায়ক। ছন্দ ও সুর লিম্বিক সিস্টেমকে (Limbic System) সক্রিয় করে, যা চাপের হরমোন (stress homone) কমাতে এবং মানসিক প্রশান্তি বাড়াতে সাহায্য করে। অনেকেই সংগীতচর্চার মাধ্যমে মানসিকভাবে আরও প্রাণবন্ত ও সামাজিকভাবে সংযুক্ত অনুভব করেন—বিশেষ করে যখন তারা কমিউনিটি ব্যান্ড বা অর্কেস্ট্রায় যুক্ত হন। সমন্বিত মানসিক উদ্দীপনা ও আবেগগত সুস্থতা, বয়স বাড়লেও মানসিক তীক্ষ্ণতা ধরে রাখার শক্ত ভিত গড়ে তোলে।

Hobby Inner 5

কৌশলভিত্তিক খেলা সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়
দাবা, ব্রিজ কিংবা জটিল বোর্ড গেম মস্তিষ্ককে এমনভাবে চ্যালেঞ্জ করে, যার প্রভাব দৈনন্দিন চিন্তাশক্তিতে সরাসরি পড়ে। এসব খেলায় কৌশলগত পরিকল্পনা, প্যাটার্ন চেনা এবং কয়েক ধাপ আগের সম্ভাব্য ফল অনুমান করার দক্ষতা দরকার হয়। মনোবিজ্ঞানীরা দেখেছেন, নিয়মিত কৌশলভিত্তিক খেলায় অংশগ্রহণ তরল বুদ্ধিমত্তা (fluid intelligence) বাড়ায় এবং বয়সজনিত বুদ্ধিবৃত্তিক ক্ষয় ধীর গতিতে করে।

একটি দাবা খেলাতেই রয়েছে জটিল মানসিক কসরত। খেলোয়াড়কে একসঙ্গে একাধিক সম্ভাবনা বিশ্লেষণ করতে হয়, ঝুঁকি ও লাভের তুলনা করতে হয় এবং প্রতিপক্ষের চাল অনুযায়ী কৌশল আয়ত্ব করতে হয়। এই ধরনের গতিশীল চিন্তা ডরসোল্যাটারাল প্রিফ্রন্টাল কর্টেক্সকে (dorsolateral prefrontal cortex) সক্রিয় করে, যা সিদ্ধান্ত গ্রহণ ও আত্মসংযমের মতো নির্বাহী কার্যক্রমের (executive functions) সঙ্গে যুক্ত। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত বোর্ড গেম খেলেন, তাদের ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ৭৪ শতাংশ কম।

অনেক কৌশলগত খেলা, সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ভিন্ন মাত্রার ফলাফল যুক্ত করে। প্রতিপক্ষকে বোঝার জন্য প্রয়োজন তার আচরণ পড়া, আবেগ নিয়ন্ত্রণ এবং কার্যকর যোগাযোগের দক্ষতা। গবেষণায় দেখা গেছে, সামাজিকভাবে সক্রিয় থাকলে বয়সের শেষভাগে সামগ্রিক মানসিক স্বাস্থ্য ভালো থাকে।

Hobby Inner 3

নতুন ভাষা শেখা স্নায়বিক পথ প্রসারিত করে
বহুভাষিকতা, বয়সজনিত বুদ্ধিবৃত্তিক ক্ষয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি গবেষণালব্ধ সুরক্ষাকারী উপাদানগুলোর একটি। ২য় বা ৩য় ভাষা শেখার সময় মস্তিষ্কের নির্বাহী নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী হয়, যা মনোযোগ ধরে রাখে এবং এক কাজ থেকে আরেক কাজে যেতে দক্ষতার সঙ্গে সাহায্য করে। এই মানসিক নমনীয়তা ভাষার বাইরেও সমস্যা সমাধান ও সৃজনশীল চিন্তায় প্রভাব ফেলে।

ভাষা শেখার প্রক্রিয়ায় স্মৃতি গঠনের জন্য গুরুত্বপূর্ণ হিপোক্যাম্পাস (Hippocampus) সক্রিয় হয়, একই সঙ্গে কথা বলা ও বোঝার জন্য ব্রোকা (Broca) ও ভার্নিকের (Wernicke) সঙ্গে যুক্ত হয়। ইউনিভার্সিটি অব এডিনবরার এক গবেষণায় দেখা গেছে, সমান শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও দুইটা ভাষা জানা ব্যক্তিদের পড়ার দক্ষতা, বলার সাবলীলতা ও সামগ্রিক বুদ্ধিমত্তা, একটা ভাষা জানা মানুষের তুলনায় বেশি ভালো হয়।

যেকোনো বয়সে ভাষা শেখা উপকারী, যদিও প্রাপ্তবয়স্কদের শেখার ধরন শিশুর চেয়ে আলাদা। প্রাপ্তবয়স্করা বিদ্যমান জ্ঞান ও বিশ্লেষণক্ষমতা কাজে লাগিয়ে ব্যাকরণের ছক ও শব্দভাণ্ডারের মধ্যে সম্পর্ক বুঝে নেয়। আধুনিক প্রযুক্তি— অ্যাপ, অনলাইন শিক্ষক এবং বহুমাধ্যমভিত্তিক কনটেন্ট—ভাষা শেখাকে অভাবনীয় সহজ করে তুলেছে। নতুন ভাষার চ্যালেঞ্জ গ্রহণ মানে নতুন সংস্কৃতির জানালা খুলে দেওয়া এবং মস্তিষ্ককে নিয়মিত নতুন তথ্যের সঙ্গে যুক্ত রাখা।

Hobby Inner 4

চিত্রাঙ্কন, লেখালেখি উদ্ভাবনী শক্তি বাড়ায়
চিত্রাঙ্কন, লেখা কিংবা হস্তশিল্পের মতো সৃজনশীল কাজ বিশ্লেষণধর্মী কাজের চেয়ে ভিন্নভাবে মস্তিষ্ককে উদ্দীপিত করে। সৃজনশীল শখ মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ককে সক্রিয় করে, যার ফলে মানুষ ভিন্নভাবে চিন্তা করতে পারে এবং আপাতভাবে সম্পর্কহীন বিষয়গুলোর মধ্যে নতুন যোগসূত্র খুঁজে পায়। মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে, নিয়মিত সৃজনশীল চর্চা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চিন্তার নমনীয়তা ও আবেগ সামলানোর ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

চিত্রকলা ও আঁকাআঁকি বিশেষভাবে স্থানিক চিন্তা ও হাতের সূক্ষ্মপেশির নিয়ন্ত্রণে ভালো ফল দেয়। আপনি যখন ছবি আঁকেন বা রং করেন, তখন মস্তিষ্ক চোখে দেখাকে হাতের নড়াচড়ার সঙ্গে মিলিয়ে নেয় এবং একই সঙ্গে রং, বিন্যাস ও আকৃতির সৌন্দর্য নিয়ে ভাবতে সহায়তা করে।

লেখালেখি মস্তিষ্কের অন্য ধরনের ক্ষমতা কাজে লাগায়—চিন্তাকে গুছিয়ে নেওয়া, সঠিক শব্দ মনে করা এবং একটি গল্প বা ভাবনা তৈরি করা। এই দুই কাজেই দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখা ও বারবার উন্নতি করার চেষ্টা, যা মানসিক সহনশীলতা বাড়ায় এবং জীবনের অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগে।

এর মানসিক উপকারিতা শুধু চিন্তাশক্তির মধ্যেই সীমাবদ্ধ নয়। সৃজনশীল কাজ মানুষকে অনুভূতি প্রকাশের সুযোগ দেয়, মানসিক চাপ কমায় এবং জীবনের উদ্দেশ্যের অনুভূতি ধরে রাখতে সাহায্য করে। অনেকেই জীবনের শেষের দিকে ছবি আঁকা বা লেখালেখি শুরু করে জানান যে, এটা—
• আত্ম-সচেতনতা ও আবেগগত বুদ্ধিমত্তা বৃদ্ধি করে,
• বর্তমান মুহূর্তে মনোযোগ ধরে রাখার সক্ষমতা বাড়ায়,
• দৈনন্দিন জীবন ও অর্জনে অধিক সন্তুষ্টি বাড়ায়,
• সমমনা সৃজনশীল মানুষের সঙ্গে দৃঢ় সামাজিক বন্ধন তৈরি করে।

এই আবেগগত ও সামাজিক দিকগুলো বুদ্ধিবৃত্তিক উপকারিতার পরিপূরক হয়ে সুস্থ বার্ধক্যের জন্য একটি সমন্বিত পথ তৈরি করে।

Hobby Inner 2

নাচ, যোগব্যায়াম, তাই চি, টেনিস খেলা মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে
যেসব কর্মকাণ্ডে শারীরিক নড়াচড়া ও মানসিক চ্যালেঞ্জ একসঙ্গে থাকে, সেগুলো মস্তিষ্ককে সতেজ রাখতে বিশেষভাবে কার্যকর। নাচ তার উৎকৃষ্ট উদাহরণ—এতে নাচের ধাপ মনে রাখা, স্থানিক সচেতনতা, ছন্দের সঙ্গে সমন্বয় এবং সামাজিক যোগাযোগ একসঙ্গে প্রয়োজন হয়। ‘তাই চি’ ও যোগব্যায়ামেও শারীরিক ভঙ্গির সঙ্গে মননশীলতা ও ভারসাম্য বজায় রাখা উভয়ই শারীর ও মনকে যুক্ত করে।

স্নায়ুবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে, শারীরিক ব্যায়াম মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়ায়, নতুন স্নায়ুকোষ গঠনে সহায়তা করে এবং স্নায়বিক সংযোগকে শক্তিশালী করে। মানসিক চ্যালেঞ্জ যুক্ত হলে এই প্রভাব আরও বহুগুণ বাড়ে। আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিনের গবেষণায় দেখা গেছে, নাচ ডিমেনশিয়ার ঝুঁকি ৭৬ শতাংশ পর্যন্ত কমাতে পারে—যা অধিকাংশ শারীরিক কর্মকাণ্ডের চেয়ে বেশি।

টেনিস বা পিকলবলের মতো দলগত খেলায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া, প্রতিপক্ষের কৌশল অনুমান করা এবং অবস্থান ঠিক করার প্রয়োজন হয়। এতে প্রতিক্রিয়া সময়, দৃষ্টিশক্তি-নির্ভর প্রক্রিয়া ও নির্বাহী দক্ষতা বাড়ে, পাশাপাশি হৃদ্‌যন্ত্রও সুস্থ থাকে। এই সমন্বয় মস্তিষ্ক ও শরীর—উভয়কেই দীর্ঘদিন সক্রিয় ও দৃঢ় রাখে।

প্রেয়ার এ্যান্ড পসিবিলিটিজ থেকে অনুদিত

বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প