
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এ উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে তফশিল ঘোষণার সময়ই জানানো হয়েছিল, নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে। এছাড়া নির্বাচনের পরের দুদিন (শুক্র ও শনিবার) সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি। সেই হিসেবে টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
তবে সব সরকারি কর্মকর্তা-কর্মচারী এই লম্বা ছুটি ভোগ করতে পারছেন না। নির্বাচনের সঙ্গে জড়িত থাকায় অনেক কর্মকর্তাই এই ছুটি বঞ্চিত হবেন।
এ ব্যাপারে প্রেসসচিব শফিকুল আলম জানান, “সরকারি কর্মকর্তারা ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন। তাই তারা সাধারণ ছুটি গ্রহণ করতে পারবেন না।”

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারা দেশে প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন সরকারি কর্মকর্তা ও শিক্ষকরা। এই কারণে তারা সরকার ঘোষিত ছুটি ভোগ করতে পারবেন না।
এছাড়া নির্বাচনের দিন নিম্নলিখিত জরুরি পরিষেবা খোলা থাকবে:
১. জরুরি পরিষেবা: বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি, ফায়ার সার্ভিস এবং বন্দরগুলোর কার্যক্রম।
২. যোগাযোগ ও পরিচ্ছন্নতা: টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা, পরিচ্ছন্নতা কার্যক্রম ও সংশ্লিষ্ট যানবাহন।
৩. চিকিৎসাসেবা: সব হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন।
৪. জরুরি অফিস: যেসব অফিসের কাজ সরাসরি জরুরি পরিষেবার সঙ্গে সম্পৃক্ত।





































