শনিবার । মার্চ ২১, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২:২০ অপরাহ্ন
শেয়ার

ভোট আমি ধানের শীষে দেব: ওমর সানী


omor saniসাম্প্রতিক সময়ে শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা বিএনপির নির্বাচনী প্রচারণায় যুক্ত হওয়ায় শুরু হয়েছে নতুন বিতর্ক। এই উত্তাপের মধ্যেই নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে আলোচনার কেন্দ্রে এলেন চিত্রনায়ক ওমর সানী। ফেসবুকে একটি ছবি পোস্ট করে তিনি প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে লিখেছেন, ‘বের করেন কোনো কিছু আমার খুঁজে পান কি না? ভোট আমি ধানের শীষে দেব।’

মূলত আওয়ামী লীগ সরকারের আমলে কোনো রাজনৈতিক সুবিধা নিয়েছেন কি না, নেটিজেনদের এমন প্রশ্নের জবাবেই এই আত্মপক্ষ সমর্থন ওমর সানীর। তবে তার এই চ্যালেঞ্জ হিতে বিপরীত হয়েছে। সানী নিজেকে ‘সুবিধামুক্ত’ দাবি করলেও নেটিজেনরা পাল্টা যুক্তিতে তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীর অতীত রাজনৈতিক আকাঙ্ক্ষার বিষয়টি সামনে নিয়ে এসেছেন।

নেটিজেনরা মনে করিয়ে দিচ্ছেন, ২০১৯ সালের ১৬ জানুয়ারি মৌসুমী আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন। সেদিন ধানমণ্ডি কার্যালয়ে ছেলেকে নিয়ে সংবাদ সম্মেলনও করেছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত দল তাকে মনোনয়ন দেয়নি। স্ত্রীর সেই আওয়ামী-ঘনিষ্ঠ অবস্থান নিয়েই এখন সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হচ্ছেন ওমর সানী। অনেকেই তাকে ‘আওয়ামী লীগের দোসর’ বলে আখ্যা দিচ্ছেন।

সম্প্রতি তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় মনির খান, রবি চৌধুরী ও নায়িকা শিমলার মতো পরিচিত মুখদের সরব হতে দেখা গেছে। শিল্পীদের এই হঠাৎ ‘ভোলবদল’ নিয়ে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অভিযোগ উঠেছে, আওয়ামী আমলে সুবিধাভোগী অনেক শিল্পীই এখন গা বাঁচাতে ধানের শীষের পক্ষে সুর মেলাচ্ছেন।

ওমর সানী বর্তমানে এই বিতর্কের মুখে নিজের অবস্থান পরিষ্কার করতে চাইলেও মৌসুমীর সেই মনোনয়ন ফরম কেনার ছবি ও ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। উল্লেখ্য, মৌসুমী বর্তমানে কোনো রাজনৈতিক দলেই সক্রিয় নন এবং দীর্ঘ দিন ধরে আমেরিকায় বসবাস করছেন।