
ভালোবাসা দিবসে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় নাট্য পরিচালক দীপু হাজরা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পারিবারিক আয়োজনে ঢাকার একটি রেস্তোরাঁয় ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
কনে সাথী আক্তার ঢাকা সিটি কলেজ–এর ইংরেজি বিভাগের সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী।
দীপু হাজরা জানান, প্রায় তিন বছর আগে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে তাদের সম্পর্কের সূচনা। সেখান থেকেই আলাপ, বন্ধুত্ব এবং পরবর্তীতে ভালোবাসা। পরে দুজন মিলে সিদ্ধান্ত নেন, বিয়ে করলে ভালোবাসা দিবসেই করবেন। সেই সিদ্ধান্ত অনুযায়ীই এদিন দুপুরে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়।
তবে বর্তমান পরিস্থিতি এবং বিশেষ এই দিনকে ঘিরে ব্যস্ততার কারণে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি বলে জানান এই নির্মাতা। সুযোগ-সুবিধা অনুযায়ী পরবর্তীতে আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।








































