শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১৭ অপরাহ্ন
শেয়ার

ওমর সানীর রেস্টুরেন্টে ক্রেতাকে ছুরিকাঘাত, থানায় মামলা


omar saniনব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর মালিকানাধীন রেস্টুরেন্ট ‘চাপওয়ালা শ্বশুরবাড়ি’-তে এক ক্রেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে মানিকগঞ্জের সদর উপজেলার অরঙ্গবাদ এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী আতিকুর রহমান খানের পরিবার বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও সাতজনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, আতিকুর রহমান তার বন্ধুদের নিয়ে ওই রেস্টুরেন্টে খেতে যান। সেখানে কয়েকজন নারী ক্রেতার সঙ্গে রেস্টুরেন্টের কর্মচারীদের দুর্ব্যবহারের প্রতিবাদ করায় বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে রড, হাতুড়ি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলাকারীরা আতিকুর রহমানকে পিঠে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন। বর্তমানে তিনি মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ রয়েছে, হামলার সময় তার পকেট থেকে টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে রেস্টুরেন্টের মালিক ওমর সানী জানান, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। তবে সিসিটিভি ফুটেজে তিনি দেখেছেন যে, লিখন নামের এক অস্থায়ী কর্মচারী ক্রেতাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে।

সানী বলেন, ‘লিখন কাস্টমারের সঙ্গে হাতাহাতি করেছে এবং একপর্যায়ে ঘটনাটি রেস্টুরেন্টের সীমানার বাইরে চলে যায়। আজকে ওমর সানীর নাম দেখে হয়তো সংবাদ হচ্ছে কিন্তু যারা এই অপরাধ করেছে বিশেষ করে লিখন এবং তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমিও চাই।’