
ফারহানা ভাটের মতে, অনেকের কাছেই খামেনি ছিলেন একজন পথপ্রদর্শক
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁকে ‘আধ্যাত্মিক গুরু’ ও ‘মসীহ’ হিসেবে অভিহিত করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘বিগ বস ১৯’-এর রানার-আপ ফারহানা ভাট।
মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় খামেনির নিহতের খবরে বিমর্ষ এই অভিনেত্রী জানান, এই শোক সইতে না পেরে সাহরির পর তিনি আর ঘুমাতে পারেননি। ফারহানা ভাট বলেন, “খামেনি মানুষের হৃদয়ে ও মনে চিরকাল বেঁচে থাকবেন। এই ঘটনা কখনোই ঘটা উচিত ছিল না।”
ফারহানা ভাটের মতে, অনেকের কাছেই খামেনি ছিলেন একজন পথপ্রদর্শক। খামেনির প্রয়াণে পুরো কাশ্মীরে শোকের ছায়া নেমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, “সব কাশ্মীরি এই ঘটনায় শোকাহত।” আন্তর্জাতিক মহলে খামেনিকে নিয়ে নানা বিতর্ক থাকলেও ফারহানার বক্তব্যে ফুটে উঠেছে তাঁর প্রতি এক গভীর মানসিক ও আধ্যাত্মিক যোগসূত্র।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বাহিনীর সেই ভয়াবহ হামলার পর ১ মার্চ ভোরে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ৮৬ বছর বয়সী এই নেতার মৃত্যুর খবর নিশ্চিত করে।








































