বুধবার । মার্চ ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৩ মার্চ ২০২৬, ৫:২৫ অপরাহ্ন
শেয়ার

নারী এশিয়ান কাপ

চীনের বিরুদ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মেয়েরা


Ban VS China

গোলপোস্টের নিচে তরুণ মিলি আক্তারের অবিশ্বাস্য সেভ

সিডনির সবুজ ঘাসে আজ ফলাফল ছাপিয়ে বড় হয়ে উঠল লাল-সবুজের অদম্য লড়াই। এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন এবং ৯ বারের শিরোপাজয়ী চীনের বিপক্ষে ২-০ গোলে হারলেও, মাঠের ফুটবল আর সাহসিকতায় সিডনিপ্রবাসী ও দেশের কোটি ফুটবলপ্রেমীর মন জিতে নিয়েছেন সাবিনা-মারিয়ারা।

সিডনির আকাশে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে গ্যালারিতে ৬ হাজার দর্শক যে গর্জন তুলেছিলেন, তা যেন ২০ হাজার প্রাণের উদ্দীপনাকে ছাড়িয়ে গিয়েছিল। প্রথমবার এশিয়ান কাপের মতো বড় মঞ্চে খেলতে নেমে শক্তিশালী চীনের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করা বাংলাদেশের মেয়েরা প্রমাণ করেছেন যে, তাঁরা এখন এশিয়ার পরাশক্তিদের বিপক্ষেও লড়তে প্রস্তুত।

Ban VS China

রক্ষণভাগে শিউলি আজিম, আফঈদাদের দেয়াল চীনের গতিশীল আক্রমণকে বারবার প্রতিহত করেছে

ম্যাচের শুরু থেকেই কোচ পিটার বাটলারের সাহসী পরিকল্পনা ও রক্ষণভাগের দৃঢ়তা চীনকে ৪২ মিনিট পর্যন্ত গোলহীন রাখতে বাধ্য করে। গোলপোস্টের নিচে তরুণ মিলি আক্তারের অবিশ্বাস্য সেভ এবং রক্ষণভাগে শিউলি আজিম, আফঈদা খন্দকারদের দেয়াল চীনের গতিশীল আক্রমণকে বারবার প্রতিহত করেছে। বিশেষ করে ১৪ মিনিটে ঋতুপর্ণা চাকমার সেই দুর্দান্ত দূরপাল্লার শটটি যদি চীনের গোলকিপার কোনোমতে না ঠেকাতেন, তবে ম্যাচের ইতিহাস অন্যরকম হতে পারত। যদিও ৪৩ মিনিটে অভিজ্ঞ ওয়াং সুয়াংয়ের গোল এবং প্রথমার্ধের যোগ করা সময়ে আত্মঘাতী গোলের দুর্ভাগ্যে বাংলাদেশ পিছিয়ে পড়ে, তবুও দ্বিতীয়ার্ধে তহুরা ও স্বপ্না রানীদের আক্রমণাত্মক ফুটবল চীনকে বেশ চাপে রেখেছিল।

Ban VS China

সমানে সমান টক্কর দেওয়াটা এশিয়ান ফুটবলের মানচিত্রে এক নতুন বার্তা দিয়ে গেল

ম্যাচ পরিসংখ্যানে বল দখল কিংবা পাসে চীন এগিয়ে থাকলেও, ৮ বার বিশ্বকাপ খেলা একটি দলের বিপক্ষে বাংলাদেশের ৪১ শতাংশ বল পজেশন এবং সমানে সমান টক্কর দেওয়াটা এশিয়ান ফুটবলের মানচিত্রে এক নতুন বার্তা দিয়ে গেল। মাঠের লড়াই শেষে তরুণ অধিনায়ক আফঈদার নেতৃত্ব আর মেয়েদের মরণপণ লড়াই প্রমাণ করেছে যে, অভিজ্ঞতায় চীন যোজন যোজন এগিয়ে থাকলেও লাল-সবুজের প্রতিনিধিরা হার মানতে শেখেনি। এই সম্মানজনক হার কেবল একটি ফলাফল নয়, বরং আগামী ৬ মার্চ উত্তর কোরিয়ার বিপক্ষে নতুন কোনো অঘটনের স্বপ্ন দেখার আত্মবিশ্বাস জুগিয়েছে।