রবিবার । মার্চ ৮, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৮ মার্চ ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ন
শেয়ার

তেহরানের তেল শোধনাগারে ইসরাইলের হামলা, ভয়াবহ আগুন


iran-attact

ছবি সংগৃহীত

ইরানের ওপর টানা দ্বিতীয় সপ্তাহের মতো হামলা চালিয়ে
যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। সাম্প্রতিক এই হামলায় প্রথমবারের মতো রাজধানী তেহরানের তেল সংরক্ষণাগার ও শোধনাগার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

হামলার পর তেহরানের একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুন ধরে যায়। শহরের আকাশজুড়ে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ার খবরও পাওয়া গেছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের ‘বেশ কয়েকটি জ্বালানি মজুত কেন্দ্র’ লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, রাতের অন্ধকারে তেহরানের দিগন্তজুড়ে আগুনের আভা ছড়িয়ে পড়ছে।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছে।

জানা গেছে, আক্রান্ত শোধনাগারটি তেহরানসহ দেশের উত্তরাঞ্চলীয় বিভিন্ন প্রদেশে জ্বালানি সরবরাহ করে থাকে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তেহরানের যেসব স্থানে হামলা চালানো হয়েছে সেগুলো ইরানি শাসনব্যবস্থা বিভিন্ন সামরিক সংস্থায় জ্বালানি সরবরাহের কাজে ব্যবহার করত।