রবিবার । মার্চ ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৫ মার্চ ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
শেয়ার

ফেসবুক স্ট্যাটাসে অর্থ ও সম্পর্ক নিয়ে আক্ষেপ জানালেন সালমা


Salma

ঢাকাই সংগীত অঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা আক্তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে অর্থ, সম্পর্ক ও মানুষের স্বার্থপরতা নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

সম্প্রতি ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, নিজের অর্থ নিজের কাছে রাখাই ভালো, কারণ অনেকেই স্বার্থ পূরণ হলে আর পরিচয় দেয় না। সমাজে এমন মানুষের অভাব নেই বলেও মন্তব্য করেন তিনি।

সালমা আরও বলেন, মানুষের জন্য ভালো কিছু করলে তা কখনো বৃথা যায় না; আল্লাহ তার প্রতিদান দেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, জীবনের অভিজ্ঞতা থেকে তিনি বুঝেছেন—সব মানুষ এক রকম নয়, যেমন হাতের পাঁচটি আঙুল সমান নয়।

নিজের উপলব্ধি থেকে প্রিয়জনদের সতর্ক করে এই গায়িকা লিখেছেন, অনেক মানুষ অন্যের কাঁধে ভর করে নিজের ভাগ্য বদলায় এবং পরে বড় কিছু অর্জনের ভাব দেখায়। তবে জীবন খুবই ক্ষণস্থায়ী—এই কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

তবে কাকে উদ্দেশ করে এই স্ট্যাটাস দিয়েছেন, সে বিষয়ে কিছু বলেননি সালমা আক্তার। তার এই আবেগঘন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।