বুধবার । মার্চ ১৮, ২০২৬
ডেস্ক রিপোর্ট আন্তর্জাতিক ১৮ মার্চ ২০২৬, ৫:৩৬ পূর্বাহ্ন
শেয়ার

নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান


Ali larijani

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি।

ইরানের প্রভাবশালী সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে একই দিনের সকালে ইসরায়েল দাবি করে, রাজধানী তেহরানে এক লক্ষ্যভেদী বিমান হামলায় লারিজানিকে ‘নির্মূল’ করা হয়েছে।

আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের এক বিবৃতিতে জানানো হয়, দায়িত্ব পালনরত অবস্থায় লারিজানি ‘শাহাদাত’ বরণ করেন। এ হামলায় তার ছেলে মোর্তজা লারিজানি, কার্যালয়ের প্রধান আলিরেজা বায়াতসহ কয়েকজন দেহরক্ষীও নিহত হয়েছেন। দীর্ঘদিন ধরে ইরানের পরমাণু নীতি ও কৌশলগত সিদ্ধান্তে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্যমতে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর লারিজানিই কার্যত দেশের নেতৃত্বে ছিলেন। তিনি সাবেক সংসদ স্পিকার এবং সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যু ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোয় বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, একই দিনে পৃথক এক হামলায় ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী ‘বাসিজ’-এর প্রধান গোলামরেজা সোলেইমানি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আইআরজিসি। চলমান সংঘাতে লারিজানি ও সোলেইমানির মৃত্যু ইরানের জন্য বড় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলাকে ‘সন্ত্রাসী শাসনের’ বিরুদ্ধে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন।

সূত্র: রয়টার্স ও আল–জাজিরা