
ছবি: সংগৃহীত
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন নারী ও স্কুলছাত্রসহ অন্তত ৭ জন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন, যাদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বুধবার (১ এপ্রিল) ভোরে দাউদকান্দি উপজেলার কানড়া মাজার এলাকায় অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। নিহতরা হলেন—গৌরীপুর ইউনিয়নের সরকারপুর গ্রামের বারেক (৪২) ও মোস্তফা (৪০)। তারা চাঁদপুরের বেলতলী মেলা থেকে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।
সকালে চান্দিনা কাঠেরপুল এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় লরিচাপায় ইবনে তাইম নামে নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। সে স্থানীয় বড় গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চবিদ্যালয়ের ছাত্র এবং রাড়িরচর এলাকার বাবুল মিয়ার বড় ছেলে।
মহাসড়কের নিমসার বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুই পরিবহনের চালক নিহত হন। নিহতরা হলেন—নোয়াখালীর জহিরুল ইসলাম মইন (৪০) ও মেহেরপুরের সোহেল রানা (৩৫)। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
মিয়ারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দিন জানান, দুপুরে চৌদ্দগ্রাম বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় হাজেরা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হন। এছাড়া ভোরে পদুয়া এলাকায় বিকল ট্রাক মেরামত করার সময় অপর একটি গাড়ির চাপায় ওমর ফারুক (৩৯) নামে এক ব্যক্তি প্রাণ হারান।
হাইওয়ে রিজিয়ন কুমিল্লার পুলিশ সুপার মো. শাহিনুর আলম খান জানান, গতিসীমা অমান্য করা এবং ট্রাফিক আইন না মানার প্রবণতাই এসব দুর্ঘটনার প্রধান কারণ। তিনি বলেন, “মহাসড়কের বিভিন্ন স্থানে গতিসীমা নির্দিষ্ট করে দেওয়া থাকলেও চালকরা তা মানছেন না। হাইওয়ে পুলিশ সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত কাজ করে যাচ্ছে।”













































