
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজে গুলি চালানোর অভিযোগকে কেন্দ্র করে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার। ঘটনার পর দিল্লি গভীর উদ্বেগ জানিয়ে ভারতের গন্তব্যে আসা সব বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে।
শনিবার হরমুজ প্রণালী অতিক্রমের সময় একটি বাণিজ্যিক জাহাজে ইরানি গানবোট থেকে গুলি চালানোর খবর পাওয়া যায়। একই দিনে ‘ভাগ্য লক্ষ্মী’ নামের আরেকটি জাহাজের নাবিকরাও ইরানি নৌবাহিনীর সঙ্গে নিজেদের কথোপকথনের তথ্য প্রকাশ করেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
এদিকে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করায় হরমুজ প্রণালী আপাতত বন্ধ থাকবে। বাহিনীটির দাবি, কয়েকটি জাহাজ পার হলেও মার্কিন বাহিনী ইরানি নৌযান ও বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করেনি।

আইআরজিসি আরও সতর্ক করে বলেছে, এই অবস্থায় প্রণালির দিকে এগিয়ে আসা যেকোনো নৌযানকে ‘শত্রুপক্ষের সহযোগী’ হিসেবে দেখা হবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্প্রতি ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি হয়। এরপর হরমুজ প্রণালী স্বল্প সময়ের জন্য খুলে দেওয়া হয়েছিল এবং বন্ধ হওয়ার আগে এক ডজনের বেশি জাহাজ নিরাপদে ওই পথ অতিক্রম করে।





































