রবিবার । এপ্রিল ১৯, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৯ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শেয়ার

আবারও যেকোনো মুহূর্তে শুরু হবে যুদ্ধ: ইরানের স্পিকার


আবারও যেকোনো মুহূর্তে শুরু হবে যুদ্ধ: ইরানের স্পিকার

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

যুক্তরাষ্ট্রকে তেহরান বিশ্বাস করে না এমন মন্তব্য করে ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে।

রোববার (১৯ এপ্রিল) ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে গালিবাফ এই সতর্কবার্তা দেন।

খবর আল-জাজিরা ও মিডলইস্ট আইয়ের।

যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ও এ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেই তার এ মন্তব্য সামনে এল।

এদিকে ইসরায়েলি আর্মি রেডিওর প্রতিবেদনে সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির সম্ভাব্য সমাপ্তির আশঙ্কায় ইসরায়েলি বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, এ অবরোধের পরিধি মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে যেতে পারে। অন্য অঞ্চলের ইরান-সংশ্লিষ্ট জাহাজগুলোও লক্ষ্যবস্তু করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ভেনেজুয়েলার সঙ্গে সম্পৃক্ত জাহাজের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র একই ধরনের পদক্ষেপ নিয়েছিল। সেই অভিজ্ঞতায় দেখা গেছে, আন্তর্জাতিক জলসীমায় নৌবাহিনী ও বিশেষ দল পাঠিয়ে জাহাজ আটক বা তল্লাশি করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের আগে ‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ।

তিনি বলেন, ‘এটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা নতুন করে বৈঠকের তারিখ ঠিক করতে পারছি না।’

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, কিছু বিষয় নিয়ে দুপক্ষ এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। আর এর কারণ, যুক্তরাষ্ট্র ‘অতিরিক্ত দাবি’ উত্থাপন করেছে।

ইরানি সূত্রের বরাত দিয়ে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, তেহরান তার শর্তগুলো পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে।

তেহরান এটাও স্পষ্ট করেছে, যে তারা দীর্ঘ এবং অর্থহীন আলোচনা করে সময় নষ্ট করতে চায় না। এদিকে গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু নতুন প্রস্তাব দেওয়া হয়েছে।

তেহরান সেগুলো পর্যালোচনা করছে এবং এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।