
নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শিক্ষার্থীরা হলেন জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)।
পুলিশের তথ্য অনুযায়ী, নিখোঁজ লিমন ভূগোল ও পরিবেশবিজ্ঞান নীতি বিষয়ে এবং নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল লিমনের নিজ বাসায় এবং নাহিদাকে বিশ্ববিদ্যালয়ের এনইএস ভবনে সর্বশেষ দেখা গিয়েছিল। ১৭ এপ্রিল তাদের সাথে কোনো যোগাযোগ করতে না পেরে পরিবারের এক বন্ধু পুলিশকে বিষয়টি জানান। ইতোমধ্যে তাদের নাম অঙ্গরাজ্য ও জাতীয় নিখোঁজ ব্যক্তিদের ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হয়েছে।
লিমনের ছোট ভাই জুবায়ের আহমেদ জানান, গত সোমবার ভাইয়ের সাথে তার সর্বশেষ কথা হয়েছিল। তখন লিমন জানিয়েছিলেন যে তিনি থিসিসের কাজে ব্যস্ত থাকবেন। জুবায়েরের মতে, লিমন অত্যন্ত দায়িত্বশীল ও সময়নিষ্ঠ মানুষ। এমন রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনাটি পরিবারের কাছে অস্বাভাবিক এবং অত্যন্ত সন্দেহজনক মনে হচ্ছে। জানা গেছে, লিমন ও নাহিদা ভবিষ্যতে বিয়ের পরিকল্পনা করছিলেন, তবে বর্তমানে তারা পড়াশোনাতেই বেশি মনোযোগী ছিলেন।

বিশ্ববিদ্যালয় পুলিশের জনসংযোগ কর্মকর্তা ল্যারি ম্যাককিনন জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে যেহেতু সাত দিন ধরে তাদের হদিস পাওয়া যাচ্ছে না, তাই পুলিশ এখন জনসাধারণের তথ্যের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশি এই দুই মেধাবী শিক্ষার্থীর সন্ধান পেতে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় টাম্পায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে।










































