
ছবি: সংগৃহীত
বাংলাদেশের নারী হকিতে রচিত হলো এক নতুন ইতিহাস। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমস বাছাইপর্বের শেষ ম্যাচে হংকংকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর ‘এশিয়ান গেমস’-এর টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের মেয়েরা।
আন্তর্জাতিক হকিতে এই বাছাইপর্বের মাধ্যমেই বাংলাদেশের মেয়েদের অভিষেক ঘটে। আর অভিষেক আসরেই বাজিমাত করে তারা প্রমাণ করলেন যে সঠিক সুযোগ পেলে তারাও বিশ্বমঞ্চে লড়াই করতে সক্ষম।
ম্যাচের শুরুটা অবশ্য সহজ ছিল না। একদম প্রথম মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ১০ মিনিটের মাথায় নাদিরা এমা গোল করে সমতা ফেরান। এরপর ৩৯ মিনিটে কনা আক্তার জয়সূচক গোলটি করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

ম্যাচের বাকি সময় নিজেদের রক্ষণভাগ আগলে রেখে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তারা। চমৎকার ড্রিবলিং ও নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন তন্নি খাতুন।
বাছাইপর্বের নিয়ম অনুযায়ী, সেরা চার দল সরাসরি জাপানে অনুষ্ঠেয় মূল আসরে খেলার সুযোগ পাবে। ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার মাধ্যমেই সেরা চারে জায়গা করে নিল বাংলাদেশ। এখন বাংলাদেশের সামনে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষা
বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে নাকি রানার্সআপ, তা নির্ভর করছে ‘এ’ গ্রুপের অন্য ম্যাচে চাইনিজ তাইপে ও উজবেকিস্তানের লড়াইয়ের ওপর। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে সিঙ্গাপুর, আর রানার্সআপ হলে লড়তে হবে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে।
এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে চায়নিজ তাইপের সঙ্গে ৫–৫ গোলে ড্র করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৩–২ গোলে হারায় উজবেকিস্তানকে, যা ছিল আন্তর্জাতিক অঙ্গনে দলের প্রথম জয়।
আগামী সেপ্টেম্বর–অক্টোবরে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ২০তম আসর। প্রথমবারের মতো এই আসরে পুরুষ দলের পাশাপাশি অংশ নেবে বাংলাদেশ নারী হকি দলও।
প্রথম আন্তর্জাতিক মিশনেই এশিয়ান গেমসের মতো বড় আসরে জায়গা করে নেওয়া বাংলাদেশের নারী হকির জন্য এটি একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।











































