সোমবার । এপ্রিল ২৭, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ২৭ এপ্রিল ২০২৬, ৬:৩০ অপরাহ্ন
শেয়ার

রোনেটসের শেষ তারকা নেদ্রা ট্যালি রসের মৃত্যু


Nedra

নেদ্রা ট্যালি রস

১৯৬০-এর দশকের জনপ্রিয় গার্ল ব্যান্ড দ্য রোনেটস-এর শেষ জীবিত সদস্য নেদ্রা ট্যালি রস ৮০ বছর বয়সে মারা গেছেন। রোববার সকালে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার মেয়ে নেদ্রা কে. রস।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তার মেয়ে লিখেছেন, সকাল সাড়ে ৮টার দিকে তার মা পরপারে পাড়ি জমান। তিনি নিজের ঘরেই শান্তিতে ছিলেন এবং পরিবারের ভালোবাসায় ঘেরা ছিলেন। একই সঙ্গে দ্য রোনেটস-এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও তার মৃত্যুর খবর জানানো হয় এবং তাকে স্মরণ করে বলা হয়, তিনি সবার কাছে আলোর মতো ছিলেন।

নিউইয়র্ক শহরে ১৯৪৬ সালের ২৭ জানুয়ারি জন্ম নেওয়া নেদ্রা ট্যালি রস তার কাজিন রনি স্পেক্টর ও এস্তেল বেনেটকে নিয়ে ১৯৫৯ সালে ব্যান্ডটি গঠন করেন। শুরুতে ব্যান্ডটির নাম ছিল ‘রনি অ্যান্ড দ্য রিলেটিভস’, পরে ‘ডার্লিং সিস্টার্স’ নামে পরিচিতি পায়। ব্যান্ডে রনি স্পেক্টর ছিলেন প্রধান কণ্ঠশিল্পী, আর নেদ্রা ও এস্তেল ব্যাকআপ ভোকাল করতেন।

Nedra 2

দ্য রোনেটস-এর তিন সদস্য। বাঁমে নেদ্রা ট্যালি রস, মাঝে রনি স্পেক্টর ও ডানে এস্তেল বেনেট

১৯৬৩ সালে সঙ্গীত প্রযোজক ফিল স্পেক্টরের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর ব্যান্ডটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তাদের বিখ্যাত গানগুলোর মধ্যে রয়েছে ‘বি মাই বেবি’, ‘বেবি আই লাভ ইউ’, ‘ওয়াকিং ইন দ্য রেইন’ এবং ‘ডু আই লাভ ইউ?’।

দ্য রোনেটস যুক্তরাজ্যেও ব্যাপক সাফল্য পায় এবং রোলিং স্টোনস, এরিক ক্ল্যাপটন ও দ্য ইয়ার্ডবার্ডস-এর মতো শিল্পীদের সঙ্গে মঞ্চ শেয়ার করে। ১৯৬৬ সালে তারা বিটলসের শেষ মার্কিন সফরেও অংশ নেয়। ১৯৬৭ সালে ব্যান্ডটি ভেঙে যায়।

২০০৭ সালে দ্য রোনেটস রক অ্যান্ড রোল হল অব ফেম-এ অন্তর্ভুক্ত হয়। সেই সময় তাদের সম্মাননা প্রদান করেন রোলিং স্টোনস-এর সদস্য কিথ রিচার্ডস। তিনি বলেন, ১৯৬৪ সালে প্রথম দেখাতেই এই ব্যান্ড তার হৃদয় ছুঁয়ে গিয়েছিল।

দ্য রোনেটস-এর অন্য দুই সদস্য এস্তেল বেনেট ২০০৯ সালে এবং রনি স্পেক্টর ২০২২ সালে মারা যান।

বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল