রবিবার । মে ৩, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ৩ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শেয়ার

ইরানের কারাবন্দি নার্গিস মোহাম্মদি নার্গিস মোহাম্মদির চিকিৎসা নিয়ে পরিবারের উদ্বেগ


Nargis Mohammodi

ইরানের কারাবন্দি নোবেল শান্তি পুরস্কারজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি

ইরানের কারাবন্দি নোবেল শান্তি পুরস্কারজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদির উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী তেহরানের হাসপাতালে স্থানান্তরের আহ্বান জানিয়েছে তার পরিবার ও তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন।

পরিবারের অভিযোগ, যথাযথ চিকিৎসা না পাওয়ায় নার্গিস মোহাম্মদির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না। গত মার্চে সম্ভাব্য হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তার অবস্থা অবনতির দিকে যেতে থাকলে পরিবার বারবার উন্নত চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন জানায়।

পরে তাকে ইরানের জানজান শহরের একটি হাসপাতালে কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। তবে সেখানেও তিনি সঠিক চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেছে নার্গিস ফাউন্ডেশন।

নার্গিস মোহাম্মদির ভাই হামিদরেজা মোহাম্মদি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘আমাদের কোনো সন্দেহ নেই তারা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমরা এখন তার জীবন বাঁচানোর জন্য লড়াই করছি।’

তিনি আরও জানান, জানজানের প্রসিকিউটররা তাকে অন্যত্র স্থানান্তরের অনুমতি দিচ্ছেন না এবং সিসিইউতেই রাখার সিদ্ধান্তে অনড় রয়েছেন।

ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়, ‘তার হার্টবিট ও রক্তচাপ স্থিতিশীল রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু মূল সমস্যাগুলোর সমাধান হচ্ছে না। তাকে দ্রুত তেহরানে তার নিজস্ব চিকিৎসকদের কাছে স্থানান্তর করতে হবে।’

বর্তমানে তার মধ্যে তীব্র মানসিক চাপ ও বমিভাবের মতো উপসর্গ দেখা যাচ্ছে বলেও পরিবার জানিয়েছে।

উল্লেখ্য, নার্গিস মোহাম্মদি ইরানের অন্যতম প্রভাবশালী একজন মানবাধিকারকর্মী। নারীদের ওপর দমন-পীড়নের বিরুদ্ধে আন্দোলন এবং মানবাধিকার ও স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়ার জন্য তিনি ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

ইরান সরকারবিরোধী কর্মকাণ্ড ও সমালোচনার অভিযোগে তাকে একাধিকবার গ্রেপ্তার ও কারাবন্দি করা হয়েছে। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে সাত বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়।

বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল