
সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুর এলাকায় অবস্থিত হজরত শাহ আলী বাগদাদীর (রহ.) মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২০৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার হামলায় আহত এক নারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১০০ থেকে ২০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের দারুস সালাম অঞ্চলের সহকারী কমিশনার ইমদাদ হোসেন জানান, অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে এবং এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। একই সঙ্গে অজ্ঞাতপরিচয় হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
গত বৃহস্পতিবার রাতে লাঠিসোঁটা নিয়ে অর্ধশতাধিক ব্যক্তি মাজারে হামলা চালায়। এ ঘটনায় কয়েকজন আহত হন। ভুক্তভোগীদের কেউ কেউ দাবি করেছেন, হামলাকারীদের মধ্যে স্থানীয় জামায়াত ও শিবিরের নেতাকর্মী ছিলেন। তবে জামায়াত এ অভিযোগ অস্বীকার করেছে।
পুলিশ জানায়, প্রতি বৃহস্পতিবার মাজারে বড় ধরনের ধর্মীয় অনুষ্ঠান হয় এবং সেখানে গভীর রাত পর্যন্ত গান–বাজনা চলে। কিছু লোকের মাদক সেবন নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও মাজারে আসা ভক্তরা দাবি করেছেন, কোনো বিরোধ ছাড়াই হঠাৎ করে হামলাকারীরা ঢুকে পড়ে এবং জিয়ারতকারীদের ওপর হামলা চালায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, লাঠিধারী একদল ব্যক্তি মাজারে ঢুকে উপস্থিত লোকজনকে মারধর করছে। হামলাকারীদের কয়েকজনের মুখে মাস্কও ছিল।











































