
সংগৃহীত ছবি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, অধ্যাপক হাসিবুর রশীদ আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে। তাকে দ্রুত আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
অধ্যাপক হাসিবুর রশীদ ২০২১ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। তবে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ৯ আগস্ট তিনি পদত্যাগ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক ছিলেন। কোটা সংস্কার আন্দোলনের সময় ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। ওই ঘটনাকে কেন্দ্র করেই পরে মামলা হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা করা হয়, যেখানে হাসিবুর রশীদসহ ৩০ আসামির মধ্যে ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।











































